রাজশাহীর আরও ২ লাখ মানুষ বিদ্যুৎ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একনেকে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ হাজার ২০৫ কোটি টাকার নতুন পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি টাকা দেওয়া হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯১৫ কোটি টাকা ব্যয় হবে বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পে (রাজশাহী অঞ্চল)। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৩৭৫ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া ১ হাজার ৮০৮ কিলোমিটার পুরোনো বিতরণ লাইনও সংস্কার করা হবে। এর ফলে ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ লোড বাড়বে। ২ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎসেবার আওতায় আসবে। সিস্টেম লস ৪ ভাগ কমবে। এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এ পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সরকার বিদ্যুৎ-সুবিধা দিতে দেশের উত্তরাঞ্চলকে বিশেষ প্রাধান্য দিচ্ছে।
এ ছাড়া ৮৭ কোটি ৮১ লাখ টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ২০ তলা ভবন নির্মাণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০০ জন কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে ১১৯ জনের আবাসিক ব্যবস্থা আছে। এ প্রকল্পের আওতায় আরও ১৫২ জন প্রথম শ্রেণির কর্মকর্তার আবাসনব্যবস্থা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১৫০০ বর্গফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও শিববাড়ীর কাছাকাছি এলাকায় এ টাওয়ার স্থাপিত হবে। পুরোনো হয়ে যাওয়া শিক্ষকদের আবাসিক ভবনগুলোতেও পর্যায়ক্রমে টাওয়ার বানানো হবে। ২০১৮ সালের জুন মাসে এ ভবন নির্মাণের কাজ শেষ হবে।
গতকাল অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো সাড়ে ৬২ কোটি টাকায় জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, ৩৯ কোটি টাকার পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষ প্রায়োগিক গবেষণা প্রকল্প এবং ১০১ কোটি টাকায় বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প।